নিয়ত কতটা গুরুত্বপূর্ণ
নিয়ত কতটা গুরুত্বপূর্ণ?
- ভিক্ষুককে দেওয়ার জন্য পকেটে হাত দিলেন, কিন্তু জানতেন না পকেট খালি, দিতে পারলেন না। নেকি কিন্তু পেয়ে গেলেন।
- কাউকে রাস্তাপারাপার করতে এগিয়ে গেলেন সাহায্যের জন্য। এরই মধ্যে অন্য কেউ এসে সাহায্য করে ফেলল। আপনি কিন্তু কদম এগিয়ে নেওয়ার জন্য নেকী পেয়ে গেলেন।
- ভবিষ্যতে হজ্জ করবেন, মাদ্রাসা, মসজিদ করবেন, এরকম পাক্কা নিয়ত করছেন। সেজন্য পরিশ্রমও করে চলেছেন। কিন্তু তার আগেই একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হল আপনাকে। নেকী কিন্তু পেয়ে গেছেন।
- বাসে কোথাও যাচ্ছেন। সিটে বসে আছেন, সামনে বয়োবৃদ্ধ বা মহিলা কেউ দাড়িয়ে আছেন। তার জন্য আসন ছেড়ে দিতে দাড়িয়ে গেলেন। এর মধ্যে অন্য কেউ আসন ছেড়ে দিল তাদের জন্য। নেকী কিন্তু পেয়ে গেলেন।
- কেউ ধার চাইল। বিপদে পাশে দাড়াতে তাকে ধার দেওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু এর মধ্যে সে অন্যত্র থেকে ম্যানেজ করে নিল টাকা। নেকী কিন্তু পেয়ে গেলেন।
- মন মানতে চাইছে না, তবুও আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ক্ষমা করে দিলেন, নেকী কিন্তু পেয়ে গেলেন।
- আপনি জানেন, আপনার কোন দোষ নেই। তবু ঝগড়া-বিবাদ তর্ক বিতর্কে না জড়িয়ে আল্লাহর জন্য চুপ হয়ে গেলেন। নেকীও পেলেন সেই সাথে হাদিসের বর্ননানুযায়ী আপনার জন্য জান্নাতের সম্মুখে একটা ঘরের জিম্মাদারিও নিলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
- বিক্রিত মাল ক্রেতার কাছ থেকে ফেরত নিলেন, আপনার জিনিস আপনি ফেরত নিলেন অথচ অনেক বড় নেকীর ভাগীদার হয়ে গেলেন।
যদি জিজ্ঞেস করেন, এ পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ কি?
উত্তর হল - নেকী কামাই করা।
হ্যাঁ, এ পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হচ্ছে নেকী কামানো। শুধু নিয়ত নেক হলেই হল। এর চেয়ে সহজ কাজ আর দুনিয়াতে একটাও নেই। শুধু নেক নিয়তে নিজের কদম এগিয়ে নেওয়াটাই আপনার কাজ।
কারণ আল্লাহ কখনোই চাইবেন না, তার কোন বান্দা জাহান্নামে যাক৷
একমাত্র সীমালংঘনকারীদের জন্য তিনি জাহান্নাম তৈরি করেছেন।।
আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন।
আমিন।
Comments